নামজারি খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন? ঘরে বসে অনলাইনে কীভাবে নামজারি খতিয়ান যাচাই করতে হয় জানতে পারবেন এই পোস্টে।
পূর্বে eporcha.gov.bd ওয়েবসাইট ভিজিট করে নামজারি খতিয়ান এবং বিভিন্ন সার্ভে খতিয়ান অনুসন্ধান করা গেলেও বর্তমানে উক্ত ওয়েবসাইটটি বন্ধ রয়েছে। এখন বিভিন্ন খতিয়ান অনুসন্ধান এবং ম্যাপ অনুসন্ধান করার জন্য নতুন ওয়েবসাইট রয়েছে।
ঘরে বসে কীভাবে নামজারি খতিয়ান যাচাই করতে হয় সেটিই দেখানো হয়েছে এখানে। চলুন, বিস্তারিত জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু
নামজারি খতিয়ান অনুসন্ধান
অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান করতে শুরুতেই ভিজিট করতে হবে land.gov.bd ওয়েবসাইট এবং নিচের দিকে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশনে ক্লিক করতে হবে। অথবা, সরাসরি https://dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে।
পর্চা সেবার নতুন ওয়েবসাইট ভিজিট করার পর নামজারি খতিয়ান সেকশনে ক্লিক করতে হবে। তারপর যে জমির খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন, সেটির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করতে হবে। এরপর, মৌজা/জেএল নং লিখুন বা তালিকা থেকে সিলেক্ট করুন।
অতঃপর, খতিয়ানের তালিকা ঘরে খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন অথবা খতিয়ানের তালিকা থেকে জমির মালিকের নাম এবং পিতার নাম দেখে খতিয়ান খুঁজে বের করুন। এভাবে খুঁজে না পেলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন। এরপর, জমির খতিয়ান নং অথবা দাগ নং লিখে খতিয়ান খুঁজুন।

খতিয়ান খুঁজে পেলে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে পপআপ আকারে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এখানে, জমির মালিকের নাম, জমির দাগ নং, জমির খতিয়ান নং এবং জমির পরিমাণ সহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এছাড়া, এখানে থেকেই খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।

এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো জমির নামজারি খতিয়ান অনলাইনে যাচাই করতে পারবেন এবং খতিয়ানের অনলাইন কপি আবেদন করতে পারবেন। খতিয়ানের কপি ডাউনলোড করার পদ্ধতি নিচে আলোচনা করা হয়েছে।
নামজারি খতিয়ান অনলাইন আবেদন করার নিয়ম
নামজারি খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি সংগ্রহ করতে চাইলে আবেদন করতে হবে। খতিয়ান আবেদন করার পূর্বে অবশ্যই খতিয়ান যাচাই করতে হবে। যাচাই করার পর আবেদন করার অপশন পাবেন।
উপরে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে খতিয়ান যাচাই করুন অথবা নিচের তালিকায় দেখানো ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই খতিয়ান যাচাই করতে পারবেন।
- ভিজিট করুন land.gov.bd ওয়েবসাইট এবং নিচের দিকে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশনে ক্লিক করুন।
- অথবা, সরাসরি https://dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন।
- এরপর, নামজারি খতিয়ান সেকশনে ক্লিক করে সিলেক্ট করুন।
- জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন।
- মৌজা/জেএল নং লিখুন বা তালিকা থেকে মৌজা নং সিলেক্ট করুন।
- খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন বা তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করুন।
- অথবা, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে দাগ নং/মালিকের নাম লিখে সার্চ করুন।
খতিয়ান খুঁজে পেলে পরপর দুইবার ক্লিক করতে হবে। তাহলে পপআপ আকারে খতিয়ানের তথ্য দেখতে পারবেন। এরপর, ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করতে হবে। তাহলে খতিয়ানটি ঝুড়িতে যুক্ত হয়ে যাবে।
এরপর, উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করতে হবে। খতিয়ানের অনলাইন কপি নিতে চান নাকি সার্টিফাইড কপি, সেটি সিলেক্ট করুন। জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন এবং নিচের দিকে চেকআউট করুন বাটনে ক্লিক করুন।
তাহলে, land.gov.bd ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে আপনার পূর্বের একাউন্ট থাকলে লগইন করুন অথবা নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করুন। এরপর, আপনার কাছে বেশ কিছু তথ্য চাওয়া হবে। নিচের তালিকায় দেয়া তথ্যগুলো দিয়ে ফর্মটি পূরণ করুন।
- আপনার পুরো নাম।
- আপনার মোবাইল নাম্বার।
- আপনার ই-মেইল অ্যাড্রেস।
- আপনার ঠিকানা।
- আপনার এনআইডি কার্ডের নাম্বার।
এসব তথ্য দিয়ে ফর্মটি পূরণ করার পর খতিয়ান আবেদন ফি পেমেন্ট করতে হবে। আবেদন ফি পেমেন্ট করার জন্য বিকাশ/নগদ/রকেট/উপায় সহ যেকোনো মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারবেন। কিংবা, ব্যাংক একাউন্ট বা ব্যাংক কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।
আবেদন ফি পেমেন্ট করার পর খতিয়ান আবেদনের কপি পাবেন। এই কপিটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্টার থাকলে আবেদনের কপিটি প্রিন্ট করে নিন। অথবা, কপিটি ডাউনলোড করে যেকোনো কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে নিতে পারবেন।
আবেদনের কপিতে উল্লিখিত নির্ধারিত তারিখে উক্ত আবেদনের কপিটি প্রিন্ট করে জেলা প্রশাসকের কার্যালয় যেতে হবে। সেখানে আবেদনের কপিটি জমা দিয়ে খতিয়ান সংগ্রহ করতে পারবেন। এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো জমির খতিয়ান যাচাই করার পাশাপাশি খতিয়ানের কপির জন্য আবেদন করতে পারবেন।
শেষ কথা
ঘরে বসে অনলাইনে কীভাবে নামজারি খতিয়ান অনুসন্ধান করতে হয় এবং নামজারি খতিয়ানের আবেদন করতে হয় সেটিই দেখানো হয়েছে এখানে। এছাড়াও, আমাদের ওয়েবসাইটে অন্যান্য খতিয়ান যাচাই করার পদ্ধতি জানতে পারবেন।





